বাসস
  ১৭ জানুয়ারি ২০২২, ২০:১৬

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২২ (বাসস) : সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অফিস ।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
আজ সোমবার সর্বনি¤œ তাপমাত্রা ঢাকায় ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১২ দশমিক ৭, চট্টগ্রামে ১৪ দশমিক ৭, সিলেটে ১৩ দশমিক ২, রাজশাহী ১১ দশমিক ৪, রংপুরে ১১ দশমিক ৮, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। পরবর্তী দু’দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।
পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।
আজ সন্ধ্যা থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে।