বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

নীলফামারীতে কমেছে তাপমাত্রা, নিম্ন আয়ের মানুষ ছুটছে পুরোনো কাপড়ের দোকানে

ছবি : বাসস

ভুবন রায় নিখিল

নীলফামারী, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সারাদেশে জেঁকে বসেছে শীত। ভোর থেকে প্রকৃতির চারপাশ ঢাকা থাকছে। সকালের একটা লম্বা সময় পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। এতে কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। 

তবে ভোগান্তিতে রয়েছেন শিশু, বৃদ্ধ, রোগী ও নিম্ন আয়ের মানুষেরা। সারা দেশেই এমন চিত্র দেখা যাচ্ছে তীব্র শীতে। 

একই অবস্থা উত্তরের জেলা নীলফামারীতেও। দিনে সূর্যের দেখা মিললেও কমেছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার বিপর্যয়ে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে তারা কাজে যেতে পারছেন না। 

এতে আয়-ইনকাম কার্যত বন্ধ হয়ে পড়েছে। উপায় না দেখে শীত নিবারণে গরম কাপড়ের সন্ধানে এসব মানুষ ছুটছেন পুরোনো কাপড়ের দোকানে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পৌর মার্কেটের পুরাতন কাপড়ের দোকানে দেখা গেছে নারী-পুরুষের ভিড়। অনেকেই এসেছেন দূরদুরান্ত থেকে। 

২৪ কিলোমিটার দূরে জলঢাকা উপজেলার কাঁঠালী গ্রাম থেকে এসেছিলেন মো. আসাদুল ইসলাম (৭০)। 

বিভিন্ন দোকান ঘুরে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য সংগ্রহ করেছেন গরম কাপড়। 

এ সময় তিনি বলেন, আজকে সূর্যের দেখা মিললেও কয়েক দিনের তুলনায় শীত বেশি মনে হচ্ছে। এ জন্য নিজেরসহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কয়েকটা শীতবস্ত্র কিনেছি। সামর্থের মধ্যে কাপড় কিনতে পেরেছেন বলে জানান তিনি।

জেলা সদরের চড়াইখোলা গ্রামের মাইদুল ইসলাম (৩২) নিজেরসহ পরিবারের সদস্যদের জন্য কিনেছেন বিভিন্ন ধরনের গরম কাপড়। এ সময় তিনি বলেন, গেল সপ্তাহে টানা চারদিন আকাশে সূর্য ওঠেনি। এরপর গতকাল বুধবার সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি ফেরে। আজ বৃহস্পতিবার সূর্যের দেখা মিলেছে ঠিকই কিন্তু শীত বেশি অনুভুহ হচ্ছে।

নতুন কাপড় কেনার সামর্থ না থাকায় বাধ্য হয়ে পুরোনো কাপড়ের দোকানে এসেছেন বলে জানান।

জেলা শহরের উকিলপাড়ার গৃহিনী স্নিগ্ধা পারভীন বলেন, কয়েক দিনের কুয়াশা কেটে গতকাল সূর্য দেখা দিলে ভেবেছিলাম শীত কমবে। কিন্তু আজকে আকাশে সূর্য থাকলেও শীত বেশি মনে হচ্ছে। এতে বড়দের চেয়ে ছোটদের কষ্ট বাড়ছে। পুরোনো কাপড়ের দোকান থেকে ছোটদের জন্য গরম সোয়েটার, জ্যাকেট কিনতে এসেছি।

জেলার সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

এ অবস্থা টানা কয়েকদিন চলবে বলে জানান তিনি।