বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৭:২৩

পটুয়াখালীতে ৪ লাখ ২১ হাজার শিক্ষার্থী পেলো নতুন পাঠ্যবই

ছবি : বাসস

 এনামুল হক এনা

পটুয়াখালী, ১ জানুয়ারি , ২০২৬ (বাসস) : নতুন শিক্ষাবর্ষ ২০২৬-এর প্রথম দিনে পটুয়াখালীর ১২৩৫ টি প্রাথমিক ও ৫৬৭টি মাধ্যমিক স্তরের ৪ লাখ ২১ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পেল নতুন পাঠ্যবই।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালী জেলার আটটি উপজেলার এক হাজার ২৩৫টি প্রাথমিক ও ৫৬৭টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় ১২৩৫ টি প্রাথমিক ও ৫৬৭টি মাধ্যমিক স্তরের ৪ লাখ ২১ হাজার ১৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ ৬২ হাজার ১৭৩ টি নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। 

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা শিক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে পটুয়াখালী জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট চার লাখ ২১ হাজার ১৪৬ জন শিক্ষার্থীর জন্য ৩২ লাখ ৬২ হাজার ১৭৩টি নতুন পাঠ্যবই বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। তবে মাধ্যমিক স্তরে চাহিদা অনুযায়ী সব পাঠ্যবই এখনো সরবরাহ না হওয়ায় প্রায় ৮৪ শতাংশ বই বিতরণ করা সম্ভব হয়েছে। অবশিষ্ট বই দ্রুত বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতুন বই গ্রহণ করার দৃশ্য দেখা যায়। নতুন বই হাতে পেয়ে অনেক উচ্ছসিত ছিলো শিক্ষার্থীরা।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমি আক্তার বলেন, নতুন বছরের প্রথম দিনেই বই পেয়ে খুব ভালো লাগছে। এতে পড়াশোনার আগ্রহ আরও বেড়ে গেছে। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানজিলা ইসলাম বলেন, বছরের শুরুতেই বই পাওয়ায় পড়াশোনার প্রস্তুতি নিতে সুবিধা হবে।

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন জানায়, নতুন বই পেয়ে সে খুব খুশি। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, নতুন বইয়ের রঙিন ছবি দেখে পড়তে খুব ভালো লাগছে।

এদিকে দক্ষিণ বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আহসান বাসসকে বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারায় শিক্ষক ও অভিভাবকরা সন্তুষ্ট। নতুন বই শিক্ষার্থীদের স্কুলমুখী করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়। 

তিনি বলেন, প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ হওয়ায় পাঠদান কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা সম্ভব হবে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু বাসসকে বলেন, প্রাথমিক স্তরে বই বিতরণ শতভাগ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের হাতে সময়মতো বই তুলে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান। 

উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে মুদ্রিত এসব পাঠ্যবই সরকারের উদ্যোগে সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।