বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭

ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী’ বিষয়ে মতবিনিময় 

ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী’ শীর্ষক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদনের জনমত যাচাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে স্থানীয় এসডো সম্মেলন কক্ষে জনমত যাচাই সংক্রান্ত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীর’ প্রকল্প পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক তামিম হাসান। 

বিশেষ অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ইমরান কবির, জেলা নিরাপত্তা খাদ্য কর্মকর্তা মাহমুদুল কবির। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিল্প মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার অধীনস্থ আকচা ইউনিয়নে ৫০ একর জায়গায় ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুসারে এ ধরনের প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রস্তুতের পর জনমত যাচাইয়ের বিধান রয়েছে।