বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ২৩:০০

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ী নিহত

‎চট্টগ্রাম উত্তর (‎মীরসরাই), ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন (৩৩) ও হেলপার এমরান হোসেন (১৭)।

আজ বুধবার ভোরের দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত শামসুল আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সুলতান সওদাগরের ছেলে। আহত ট্রাকচালক ও হেলপারের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় বলে জানা গেছে।

‎ঘটনা সূত্রে জানা যায়, বুধবার ভোরে সবজি পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককের পেছনে ধাক্কা দেয়। এতে সবজিবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক, হেলপার ও সবজি ব্যবসায়ী দুই ট্রাকের মাঝে আটকা পড়েন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে সবজি ব্যবসায়ী শামসুল আলমকে মৃত উদ্ধার করে। ট্রাকচালক রবিউল ও হেলপার এমরানকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শামসুল আলমের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।