শিরোনাম

সুনামগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
আজ শনিবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্ট (আলফাত স্কয়ারে) এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. মাসুক আলম।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা, অ্যাড.আ ত ম মিছবাহ, কাজী নাছিম উদ্দীন লালা, বিএনপি নেতা ফুল মিয়া, কৃষক দলের সহসভাপতি সোহেল মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অমর খৈয়াম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির, যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের সমাজকল্যান সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উবাইদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন পলায়ন করেছে, তখন দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমেছিল এবং রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
ইতিপূর্বে নির্বাচন কমিশনার গত ১১ ডিসেম্বর তারিখে আগামী জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে। এই তফসিল ঘোষণার পরদিনই, অর্থাৎ গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর একটি সন্ত্রাসী চক্র অতি কাছে থেকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি'কে গুলি করে নির্মম ভাবে আহত করেছে।
গত ৫ নভেম্বর তারিখে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে একই ভাবে হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
আমরা বলতে চাই, এই দেশে আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাঁরা এই অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে যড়যন্ত্র করছে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো।