শিরোনাম

বাসস দেশ-৫৩
রাবি-রজত-জয়ন্তী
রাবি সংগীত বিভাগের রজত জয়ন্তী পালিত
রাজশাহী, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের রজত জয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০ টার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।
বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দকে রজত জয়ন্তীর স্মারক ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা ও উপ-উপাচার্য (প্রশাসন) বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বালন করে রজত জয়ন্তী কর্মসূচির উদ্বোধন করেন।
বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, বিভাগের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এসআই/১৬০৯/কেএ