বাসস
  ০৬ অক্টোবর ২০২১, ১০:৪৭

আজ মহালয়া : বরগুনায় ১৫৪টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

বরগুনা, ৬ অক্টোবর, ২০২১ (বাসস) : জেলায় সনাতন ধর্মবলম্বীদের দুর্গোৎসব উদযাপন করতে ১৫৪টি পূজামন্ডপ প্রস্তুত করা হয়েছে। আজ ৬ অক্টোবর মহালয়া দিয়ে শুরু দেবীপক্ষ। ১১ অক্টোবর মহাপঞ্চমীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে আর্থাৎ ঘোড়ায়, যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গার আর্শিবাদে পৃথিবীর সবাই সুখ শান্তিতে থাকবেন, সে অপেক্ষায় বরগুনার সনাতন ধর্মাবলম্বীরা। জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ১৫৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলার সভাপতি বাবু সুখরঞ্জন শীল জানিয়েছেন, এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে।
বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক জানান, জেলা ও উপজেলার শহর সংলগ্ন ম-পগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পূজা কমিটির নিজেদের উদ্যোগে ভলান্টিয়ারসহ কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপের বাইরে ডিবি পুলিশ এবং ডিএসবি থাকছে।