বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪

রাজধানীকেন্দ্রিক ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ১০৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় রাজধানী ঢাকাকেন্দ্রিক ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ১০৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ লাখ ১৪ হাজার ৮৬০ কোটি ১২ লাখ টাকা।

আজ জাতীয় সংসদে মহিলা আসন-১৬-এর সরকারি দলের সদস্য সানজিদা ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। চলতি অর্থবছরে এডিপির আওতায় রাজধানী ঢাকাকেন্দ্রিক এককভাবে ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১০৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি জানান, দেশের অন্যান্য জেলার সঙ্গে যৌথভাবে ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় আরও ১১১টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে ঢাকা জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের সর্বমোট প্রাক্কলিত ব্যয় ২ লাখ ৮৮ হাজার ৬৫৬ কোটি ৬৯ লাখ টাকা।

মন্ত্রী বলেন, যৌথভাবে চলমান ১১১টি প্রকল্পের মধ্যে বিদ্যুৎ বিভাগের ১২টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৪ হাজার ৮৮৩ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৯১৭ কোটি ৯৩ লাখ টাকা।

তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৫৮৩ কোটি ১৬ লাখ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ১৪ হাজার ১ কোটি ২ লাখ টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ১২ হাজার ৪৭৭ কোটি ২৮ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৬ হাজার ৪৫৪ কোটি ২৪ লাখ টাকা, কৃষি মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের ১ হাজার ৯৫৬ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ১৯৩ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া অবশিষ্ট ৫৭টি প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান মন্ত্রী।