বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৭:৪২

তরুণ বিজ্ঞানীদের জন্য গবেষণা খাতে বরাদ্দ ২৪ কোটি ৭২ লাখ টাকা: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 

ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিজ্ঞানচর্চায় তরুণ বিজ্ঞানীদের গবেষণায় সহায়তার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ-বছরে ২৪ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশে বিজ্ঞানচর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নতুন নতুন গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক, গবেষক, তরুণ বিজ্ঞানীদের এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার গবেষক তরুণ বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। 

আজ সংসদে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সরকারি দলের সদস্য এম, এ, হান্নানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, দেশের তরুণ বিজ্ঞানীদের নতুন নতুন গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে তাহাদের উদ্ভাবিত প্রকল্পের উন্নয়নকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্টডক্টোরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী বা গবেষককে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে। ২০২৫-২৬ অর্থ-বছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি খাত থেকে ৪,২৮২ জন গবেষককে ২৫ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ২০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞানভিত্তিক উচ্চ শিক্ষা ও গবেষণাকে অব্যাহতভাবে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা ও উন্নয়ন প্রকল্পে চলতি ২০২৫-২৬ অর্থ-বছরে গবেষণা ও উন্নয়ন প্রকল্প খাতে ৩৫৮ জন বিজ্ঞানী বা গবেষককে ৩ কোটি ৯৭ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।