শিরোনাম

সংসদ ভবন, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : দেশে সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
আজ সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।
মন্ত্রী আরো জানান, অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব/সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন।
তিনি বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।