বাসস
  ৩০ জুন ২০২৬, ১৬:৪৪

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

সংসদ ভবন, ৩০ জুন, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ পর্যালোচনা শেষে বিলটি সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর, আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি।

বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬-এর বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কমিটি এ বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করে এবং তা জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান অবস্থা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কমিটির সদস্যরা বলেন, স্বাস্থ্যসেবাকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরো শক্তিশালী করা জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ভিত্তিক চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৈঠকে অংশ নিয়ে বিলের বিভিন্ন দিক সম্পর্কে মতামত প্রদান করেন।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংসদ সদস্য মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান এবং জি. এম. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য ও মতামত প্রদান করেন।