বাসস
  ২৯ জুন ২০২৬, ১৬:৫১

মাদক ও পাবলিক পরীক্ষা সংশোধনী বিলের রিপোর্ট সংসদে উপস্থাপনের সুপারিশ

সংসদ ভবন, ২৯ জুন, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকের মুলতবি সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিল দু’টির পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংসদে রিপোর্ট আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আন্দালিব রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, আখতার হোসেন এবং আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।