বাসস
  ২৮ জুন ২০২৬, ২২:২৩
আপডেট : ২৮ জুন ২০২৬, ২২:৩০

কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ সংসদে কথা বলেন।ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরে উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

তিনি আজ সংসদে ৩০০-বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতির কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে।

তিনি বলেন, এই দুই কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং করতে হবে।

মন্ত্রী আরও জানান, এ পরিস্থিতি নিয়ে তিনি সংসদের বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বিষয়টিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে, সংসদের সব সদস্য এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।

এই সময় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রীর দেওয়া বিবৃতিটি বিধি-৩০০ অনুযায়ী সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।