বাসস
  ২৭ জুন ২০২৬, ২১:৫৯
আপডেট : ২৭ জুন ২০২৬, ২২:০৩

বাংলাদেশকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে জিয়া পরিবার : ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কথা বলেন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় সংকট মোকাবিলায় জিয়া পরিবার বারবার নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি  আজ শনিবার এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তার(প্রতিমন্ত্রী) মরহুম পিতা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীকে স্মরণ করেন। তিনি নান্দাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এসময় তিনি তাঁর মায়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক দল, যেখানে জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা নিয়মিতভাবে অনুসরণ করা হয়। সংসদীয় দলের সভায় মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে সদস্যদের প্রশ্নের জবাব দিতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী, মানবিক ও সুদূরপ্রসারী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই বাজেট দেশের অর্থনীতি, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশকে আত্মনির্ভরশীল করার ভিত্তি তৈরি করবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও লুটপাটের ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতকে পুনরুজ্জীবিত করতেই সরকার এ বাজেট প্রণয়ন করেছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, উন্নয়ন নিশ্চিত করতে বড় বাজেটের বিকল্প নেই। তিনি সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব উদ্যোগ শুধু নিম্নআয়ের পরিবারকে আর্থিক সহায়তা দেবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক বহুমাত্রিক প্রভাব ফেলবে। ৪০ লাখ পরিবার এ কর্মসূচির আওতায় এলে দেশের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, সামাজিক সচেতনতা ও ইতিবাচক আচরণ গড়ে তুলতে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি ও ডিজিটাল কনটেন্ট বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব ৪৭ কোটি টাকায় কেনার পর এর মধ্যে প্রায় ৪৪ কোটি টাকা বেসরকারি খাত থেকে আদায় করা সম্ভব হয়েছে। ফলে প্রায় বিনামূল্যে দেশের দর্শকদের বিশ্বকাপ উপভোগের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সম্প্রচার খাতে দীর্ঘদিনের সিন্ডিকেট ও অনিয়ম ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।