শিরোনাম

সংসদ ভবন, ২৫ জুন, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৭টি সরকারি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১টি সরকারি ও ৫টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ১টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।
আজ জাতীয় সংসদে ময়মনসিংহ-৮ আসনের সরকারি দলের সদস্য লুৎফুল্লাহেল মাজেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৬ হাজার ২৭৮টি।
তিনি জানান, সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশের মোট ১০৫টি মেডিকেল কলেজে সর্বমোট ১১ হাজার ৩৭৮ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ, আধুনিকায়ন এবং গুণগত মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।