শিরোনাম

সংসদ ভবন, ২৪ জুন, ২০২৬ (বাসস) : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘সর্বজনীন পেনশন স্কিম’ গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে।
আজ জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সরকারি দলের সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে র্যালি, পেনশন মেলা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পাবনা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মশালা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সব তফসিলি ব্যাংক ও ডাকঘর ফ্রন্ট অফিস হিসেবে কাজ করছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে নড়াইল জেলায় র্যালি, কর্মশালা, পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।