শিরোনাম

সংসদ ভবন, ২২ জুন, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক সাঈদ আল নোমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সংসদ নেতা ও স্পিকারের গুরুত্বপূর্ণ বক্তব্য ‘সংসদ গ্রন্থাগার বুলেটিন’-এ অন্তর্ভুক্ত করার বিষয়ে সুপারিশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত বুলেটিনটিকে আরও তথ্যসমৃদ্ধ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কমিটি বুলেটিনের পাঠকদের পাঠোত্তর মতামত সংগ্রহের জন্য র্যান্ডম সার্ভে পরিচালনা এবং সার্ভে-সংক্রান্ত কীওয়ার্ড সংযোজনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর গুরুত্বপূর্ণ বিষয় বাংলায় অনুবাদ করে বুলেটিনে প্রকাশের উদ্যোগ নেওয়ারও সুপারিশ করা হয়।
বৈঠকে বুলেটিনের জন্য একটি মানসম্মত কভার পৃষ্ঠা প্রণয়ন, সংসদের লোগো অথবা জাতীয় সংসদ ভবনের ছবিতে এমবসড সিল সংযোজন এবং সংসদীয় ও আইনসভা-সংক্রান্ত আন্তর্জাতিক প্রকাশনার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।