বাসস
  ২১ জুন ২০২৬, ১৮:০৪

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী

সংসদ ভবন, ২১ জুন, ২০২৬ (বাসস): পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে।

তিনি বলেন, এ লক্ষ্যে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি/সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশন, বাংলাদেশকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশসমূহ যথঠশ্ছ ভারত, নেপাল, ভূটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে।

তিনি আজ সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের টেবিলে উপস্থাপিত লিখিত  প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

পানিসম্পদ মন্ত্রী জানান, উজানের দেশসমূহে আন্তঃসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশে পানি প্রবাহ হ্রাস পাচ্ছে— যা অসত্য নয়। এছাড়াও, প্রাকৃতিক ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে উজানে পানির লভ্যতা হ্রাস পাচ্ছে।