শিরোনাম

সংসদ ভবন, ২১ জুন, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জেলেদের সঠিক তালিকা প্রস্তুতের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আজ সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে জানান, প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রস্তুত এবং বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয় সংস্কার করে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি জানান, দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মৎস্য অধিদপ্তর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের তালিকা প্রণয়ন এবং মৎস্যজীবী কার্ড প্রদান করে থাকে। ‘জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নির্দেশিকা-২০১৯’ অনুযায়ী সারাদেশে জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, নির্দেশিকা অনুযায়ী প্রকৃত জেলেদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।
মন্ত্রী বলেন, দেশের সব জলাশয়ের জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয় সংস্কার করা সম্ভব হবে। এর ফলে জলাশয়ের পানিধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাছের উৎপাদনশীলতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।