শিরোনাম

সংসদ ভবন, ১৮ জুন, ২০২৬ (বাসস) : কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (২ কোটি ১৮ লাখ একর) আবাদযোগ্য কৃষিজমি রয়েছে, যা দেশের মোট আয়তনের ৫৯.৭ শতাংশ।
আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ণ, আবাসন নির্মাণ ও শিল্পায়নের কারণে দেশে প্রতিবছর বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়ন অন্যতম।
তিনি বলেন, এক ফসলি ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের জন্য কৃষকদের উন্নতমানের বীজ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদান করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা কৃষিজমি অকৃষি খাতে ইজারা দেওয়া বা বিক্রি না করে আবাদ অব্যাহত রাখেন।