শিরোনাম

সংসদ ভবন, ১৭ জুন, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় দেশের জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং নানামুখী কার্যক্রমের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করছে।
তিনি আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ সামগ্রী উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের দৃশ্যমান টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের উগ্রবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
অপরাধী শনাক্তকরণ ও গ্রেফতারে লোকেশন ট্র্যাকিং এবং মোবাইল কললিস্ট বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান।
সাইবার অপরাধ দমনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ফেসবুক, টুইটারসহ অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক ছবি, ভিডিও, মন্তব্য কিংবা গুজব ছড়িয়ে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য নিবিড় নজরদারি ও মনিটরিং করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, অনলাইনে ডাটা এন্ট্রি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে র্যাবের আভিযানিক সক্ষমতা আরও বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনসাধারণকে তাৎক্ষণিকভাবে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা প্রদানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর আধুনিকায়নের কাজও চলমান রয়েছে।