বাসস
  ১৬ জুন ২০২৬, ২০:৩৯

জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় সরকার ব্লকচেইনভিত্তিক ফিচার চালু করবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সংসদ ভবন, ১৬ জুন, ২০২৬ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় সংসদে বলেছেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারের একটি নতুন সংস্করণ উন্নয়নের উদ্যোগ নিয়েছে, যেখানে অনলাইন পেমেন্ট সুবিধা এবং ব্লকচেইনভিত্তিক রেকর্ড ট্র্যাকিংসহ উন্নত ডিজিটাল ফিচার থাকবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর (নারী আসন-১১) জন্ম ও মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদসহ স্থানীয় সরকার সেবাগুলোতে হয়রানি এবং দালাল চক্রের ভূমিকা দূরীকরণ বিষয়ে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আজ এ তথ্য জানান। 

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার ভার্সন-২ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সিস্টেমে অনলাইন পেমেন্ট সুবিধা থাকবে।’

তিনি আরও বলেন, ‘নতুন সিস্টেমে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে কোনো তথ্যের পরিবর্তন হলে তার লগ শনাক্ত করা যাবে। এতে কোন পর্যায়ে তথ্য পরিবর্তন করা হয়েছে, তা নির্ধারণ করা সহজ হবে।’

এলজিআরডি মন্ত্রী উল্লেখ করেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজ করতে এবং জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ ও জনদুর্ভোগ কমাতে সারা দেশে নিবন্ধনকারীদের এবং সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’