শিরোনাম

সংসদ ভবন, ১৫ জুন, ২০২৬ (বাসস): রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, সরকার বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, রেল স্টেশন ও ট্রেনে চুরি, ছিনতাই বন্ধ করাসহ যাত্রী নিরাপত্তা জোরদারকরণে আরএনবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আজ জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার (মহিলা আসন-৩৭) উত্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী আরো জানান, ২৬০টি ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।
২০০টি এমজি ক্যারেজ, ৪টি হুইল লেদ এবং ৪টি রিলিফ ট্রেন সংগ্রহের জন্য সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর স্টেশনে ইলেকট্রিক ট্রাকশন চালু করার জন্য ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ, ওয়াগন এবং লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন কারখানার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
কল সেন্টার চালু করা : ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ হতে বাংলাদেশ রেলওয়েতে যাত্রী সাধারণের সেবা বৃদ্ধি ও সহজীকরণের লক্ষ্যে কল সেন্টার/হট লাইন নম্বর ১৩১ চালু করা হয়েছে।
অনলাইন টিকেটিং সেবা: বর্তমানে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিট ‘Rail Sheba’ ’ মোবাইল অ্যাপ ও www.eticket.railway.gov.bd ওয়েব পোর্টালের মাধ্যমে যুগপৎভাবে ইস্যু করা হচ্ছে।
ইনফরমেশন ডেস্ক চালু : বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় শহর ছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে দৃশ্যমান স্থানে ইনফরমেশন ডেস্ক চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনবোর্ড সেবা : বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ৩৩টি আন্তঃনগর ট্রেনে অনবোর্ড সেবা বিদ্যমান রয়েছে বলে রেলপথ মন্ত্রী জানিয়েছেন।
মন্ত্রী আরো জানান, চলন্ত ট্রেনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট ট্যারিফ মূল্যে খাদ্যদ্রব্যাদি ও পানীয় সরবরাহ ও বিক্রয় করা হয়ে থাকে।
তিনি আরো জানান, সর্বাবস্থায় স্টেশনের ওয়েটিং রুম, ওয়াশরুম ব্যবহার উপযোগী রাখা হয়েছে।