বাসস
  ১৪ জুন ২০২৬, ২৩:৫১

দেশের ইতিহাসে শিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর অন্যতম : প্রাথমিক ও শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে  কথা বলেন। ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের ইতিহাসে শিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর অন্যতম। এই বরাদ্দ সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনার প্রতিফলন। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সমৃদ্ধ জাতি বিনির্মাণে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে একটি ভবিষ্যৎমুখী বাজেট উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।

আজ সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নিয়ে বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, স্থানীয় শিল্প এবং সামাজিক সুরক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা জনগণের জীবনমান উন্নয়ন এবং একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদায়ী অর্থবছরে প্রাথমিকভাবে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।

প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেন, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা, বিনিয়োগে স্থবিরতা এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলার প্রেক্ষাপটে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, 'এই বাজেট শুধু একটি অর্থনৈতিক দলিল নয়, এটি জনগণের প্রতি সরকারের রাজনৈতিক অঙ্গীকারও।'

হেলাল আরও জানান, ৩ লাখ ১৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মধ্যে প্রায় ৩ লাখ কোটি টাকা বাস্তবায়ন খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য এম ফজলে হুদা বাজেটকে গঠনমূলক আখ্যা দিয়ে বলেন, সরকার পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করেছে, যা উৎপাদনশীল বিনিয়োগে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বহন করে।

শেরপুর-১ আসনের বিরোধী দলের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, বাজেটে ১০টি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে এর সফল বাস্তবায়নের জন্য সুশাসন নিশ্চিত করা জরুরি।

সংসদ সদস্য আবদুল আজিজ বলেন, প্রস্তাবিত বাজেটের আকারই প্রমাণ করে দেশের অর্থনীতি সংকুচিত নয়, বরং সম্প্রসারিত হচ্ছে।

সংরক্ষিত মহিলা আসন-৫০ এর সংসদ সদস্য আন্না মিনজ বাজেটকে অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব উল্লেখ করে বলেন, সমতল অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া আলোচনায় সরকারি ও বিরোধী দলের আরও বেশ কয়েকজন সংসদ সদস্য অংশ নেন।

আগামীকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।