বাসস
  ১৪ জুন ২০২৬, ১৯:৫১

অবসরপ্রাপ্ত ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৬ (বাসস) : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, অনিষ্পন্ন প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

আজ সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদানের লক্ষ্যে সরকার ও কল্যাণ ট্রাস্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ হাজার ২৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত জমাকৃত সকল আবেদন নিষ্পত্তি করে রইঅঝ++ এর মাধ্যমে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হয়েছে। জুন ও জুলাই ২০২৩ পর্যন্ত জমাকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করে অর্থ পরিশোধের কার্যক্রম প্রস্তুত করা হয়েছে।