শিরোনাম

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৬ (বাসস): শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নারী শিক্ষা প্রসার, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী-সহায়ক পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ছোট ও দুগ্ধপোষ্য সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন ও পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডে কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে।
ড. মিলন বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও পর্যায়ক্রমে ডে কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা, শিক্ষার্থী ও শিক্ষকদের চাহিদা, প্রশাসনিক সুবিধা এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আবাসন সুবিধা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং সেবা এবং শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সম্প্রসারণের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, নারী শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও সহজ ও কার্যকর করতে সহায়ক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও নারীবান্ধব শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।