বাসস
  ১৪ জুন ২০২৬, ১৯:০৭

পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৬ (বাসস) : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব আবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুমে অবস্থান এবং সিট দখল সংক্রান্ত সমস্যার অন্যতম প্রধান কারণ আবাসন সংকট। এ সমস্যা সমাধানে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন আবাসিক হল নির্মাণ, আসন সংখ্যা বৃদ্ধি এবং আবাসন ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হবে।

ড. মিলন বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট আইনের আওতায় পরিচালিত হয়। ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টিও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ জোরদার এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের স্বার্থে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

মন্ত্রী আরও জানান, অবশিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের কারণে আগামী এক বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। 

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতেও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।