বাসস
  ১০ জুন ২০২৬, ১৭:৫৮
আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:২৮

গম্ভীরাকে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতির পরিকল্পনা

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ১০ জুন, ২০২৬ (বাসস) : ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি আজ বুধবার সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, গম্ভীরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, এ উদ্যোগের অংশ হিসেবে গম্ভীরাকে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের (আইসিএইচ) ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত রাজশাহী বিভাগের ইনভেন্টরির তালিকাও প্রস্তুত রয়েছে।