শিরোনাম

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ (বাসস): কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
তিনি আজ সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে এ দাবি জানান।
মনিরুল হক চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থাপিত কুমিল্লা বিমানবন্দরটি একসময় চালু থাকলেও পরে কার্যক্রম বন্ধ হয়ে যায়। কুমিল্লার জনসংখ্যা প্রায় ৬৫ লাখ এবং জেলার উল্লেখযোগ্য অংশের মানুষ বিদেশে থাকেন।
তিনি বলেন, কুমিল্লা এখন দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা। বিমানবন্দর চালু হলে বিদেশফেরত যাত্রী, বিনিয়োগকারী ও চিকিৎসাসেবা গ্রহীতারা উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। মনিরুল হক বলেন, বর্তমানে বিমানবন্দরের কিছু স্থাপনা এখনো ব্যবহার হচ্ছে এবং সেখান থেকে মাসিক আয়ও হচ্ছে।
তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কুমিল্লার প্রতি অবজ্ঞা ও বৈষম্যের অবসান হওয়া দরকার।’