বাসস
  ০৮ জুন ২০২৬, ১৮:৩৭

বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ফাইল ছবি

সংসদ ভবন, ৮ জুন ২০২৬ (বাসস) : দেশে বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সরকার বিভিন্ন সচেতনতামূলক ও প্রযুক্তিগত কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য শিরীন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, সচেতনতামূলক কার্যক্রমের আওতায় বজ্রপাতের ঝুঁকি ও করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, লিফলেট, পোস্টার, প্রশিক্ষণ এবং মহড়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রযুক্তিগত ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের আগাম পূর্বাভাস প্রদান করছে। এসব পূর্বাভাস ও সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স (আইভিআর) ব্যবস্থার মাধ্যমেও বজ্রপাতের সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ আগাম সতর্ক হতে পারেন।

মন্ত্রী বলেন, বজ্রপাতপ্রবণ এলাকায় ঝুঁকি হ্রাসের লক্ষ্যে তালগাছ রোপণ কর্মসূচি এবং কৃষকদের জন্য ছাউনি-সংবলিত বজ্রনিরোধক দণ্ড স্থাপনের প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি দলের অপর সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, দেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, সাড়া প্রদান, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে সরকার ইতোমধ্যে 'দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২', 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫', 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা' এবং 'স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি)-২০১৯' প্রণয়ন করেছে।

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও যুগোপযোগী করতে সরকার বর্তমানে 'এসওডি-২০১৯ সংশোধন' এবং 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (এনপিডিএম) ২০২৬-২০৩০' প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সম্প্রতি 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট' নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন। এ প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।