বাসস
  ০৮ জুন ২০২৬, ১৮:২৯

সংসদের লাইব্রেরি কমিটির সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশ জাতীয় সংসদ

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সাব-কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এমপির সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে 'বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা আইন, ২০২৬ (সংশোধিত)' এবং 'জাতীয় সংসদ গবেষণা নীতিমালা, ২০২৬ (সংশোধিত)' বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট আইন ও নীতিমালার বিভিন্ন দিক, সংশোধনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন।

আলোচনা শেষে বৈঠকে সিদ্ধান্ত হয়, সংশোধিত আইন ও নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে তা মূল কমিটির কাছে সুপারিশসহ উপস্থাপন করা হবে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।