বাসস
  ০৭ জুন ২০২৬, ২১:৩৩

কক্সবাজারে সাংবাদিকদের কল্যাণে ৭৮ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ৭ জুন, ২০২৬ (বাসস): বর্তমান সরকারের গণমাধ্যমবান্ধব নীতিমালার আওতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার সাংবাদিকদের কল্যাণে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলার মোট ১২৩ জন সাংবাদিকের কল্যাণে ট্রাস্টের পক্ষ থেকে সর্বমোট ৭৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে স্পিকারের মাধ্যমে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। তিনি সংসদকে জানান, এই অনুদানের মধ্যে চিকিৎসাজনিত কারণে জেলার ৭৩ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং আর্থিক অসচ্ছলতার কারণে ৫০ জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয়ে বলেন, সাংবাদিকদের আপদকালীন ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় এই ট্রাস্ট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে কক্সবাজারের একজন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

কক্সবাজার জেলার গণমাধ্যমের বর্তমান চিত্র তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে এই জেলা থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা মোট ৩১টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ২৭টি, সাপ্তাহিক পত্রিকা ৩টি এবং মাসিক পত্রিকা ১টি। 

সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, কক্সবাজারের দৈনিক পত্রিকাগুলো হলো- দৈনিক চকোরিয়া, দৈনিক হিমছড়ি, দৈনিক আজকের কক্সবাজার বার্তা, দৈনিক কক্সবাজার বাণী, দৈনিক ইনানী, দৈনিক সমুদ্রকণ্ঠ, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক বাঁকখালী, দৈনিক দ্য কক্স টুডে, দৈনিক দ্য ডেইলি টুরিস্ট, দৈনিক সাগরদেশ, দৈনিক সকালের কক্সবাজার, দৈনিক কক্সবাজার ৭১, দৈনিক রূপালী সৈকত, দৈনিক গণসংযোগ, দৈনিক মেহেদী, দৈনিক কক্সবাজার সংবাদ, দৈনিক সহযাত্রী, দৈনিক কক্সবাজার, দৈনিক আজকের দেশ-বিদেশ, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আপন কণ্ঠ, দৈনিক সৈকত, দৈনিক দৈনন্দিন, দৈনিক সমুদ্রবার্তা এবং দৈনিক মায়ের দেশ।

এর মধ্যে সরকারের মিডিয়া তালিকাভুক্ত ৮টি দৈনিক পত্রিকা বর্তমানে সর্বাধিক প্রকাশিত হচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। এগুলো হলো- দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাঁকখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আজকের দেশ-বিদেশ, দৈনিক মেহেদী এবং দৈনিক দৈনন্দিন।

এছাড়া জেলায় প্রকাশিত ৩টি সাপ্তাহিক পত্রিকা হলো- সাগরকণ্ঠ, দরিয়ানগর ও আলোকিত উখিয়া এবং একমাত্র মাসিক পত্রিকা হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে ‘কক্সবাজার সৈকত’।