বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ২০:০৮

জাপানের কৃষিমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন

ফাইল ছবি

সংসদ ভবন, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নোরিকাজু আজ বিকেলে জাতীয় সংসদের চলমান অধিবেশন প্রত্যক্ষ করেছেন।

চিফ হুইপ নূরুল ইসলাম জাপানি মন্ত্রীর আগমনের ঘোষণা দিলে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

চিফ হুইপ বলেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নরিকাজু বাংলাদেশ জাতীয় সংসদে আগমন করেছেন।'

তিনি আরও বলেন, জাপানের কৃষিমন্ত্রী ও তার প্রতিনিধি দল সংসদ পরিদর্শনে এসেছেন। ১৯৭১ সাল থেকে বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

ঘোষণার পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে জাপানি মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটে জাপানি প্রতিনিধিদলের আগমনকালে অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।