বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৪০

বিভক্তি নয়, শান্তি ও ঐক্যের রাজনীতির আহ্বান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর

ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিভক্তি নয়, শান্তি ও ঐক্যের রাজনীতি করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিভক্তির রাজনীতি পরিহার করে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

আজ বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রকৃত সম্মান দেখাতে হলে রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে তা কেবলমাত্র পলাতক স্বৈরাচারী শক্তির জন্য সুযোগ তৈরি করবে।

তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি। ‘আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি, সামনে আরও কথা বলার সুযোগ রয়েছে। তাই একে অপরকে হেয় না করে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’ 

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং এ লক্ষ্যে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।