বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৮

সংসদ গ্রন্থাগারে বই ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ, ডিজিটালাইজেশনে জোর

ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠকে সংসদ গ্রন্থাগারের জন্য পুস্তক ও সাময়িকী ক্রয় এবং গবেষণা ব্যয় খাতের বরাদ্দ পর্যালোচনা করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে কমিটির আহ্বায়ক এ বি এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।

বৈঠকে উভয় সাব-কমিটি সংসদ গ্রন্থাগারের জন্য পুস্তক ও সাময়িকী সংগ্রহ এবং গবেষণা ব্যয়ের বরাদ্দ কীভাবে বৃদ্ধি করা যায় এবং বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুপারিশ প্রদান করে।

এ ছাড়া সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য দলিলপত্র এবং সংসদীয় বিতর্ক (ডিবেট) ডিজিটালাইজেশনের মাধ্যমে সংরক্ষণ ও সহজ অনুসন্ধানের ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে একটি কার্যকর সার্চ ইঞ্জিন তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে গ্রন্থাগারের জন্য পুস্তক ক্রয়ের খসড়া তালিকা যাচাই-বাছাই করা হয়। চূড়ান্ত তালিকা প্রস্তুতের আগে স্পিকারের মাধ্যমে সংসদ সদস্যদের কাছ থেকে তাদের পছন্দের বইয়ের তালিকা আহ্বানের সুপারিশ করা হয়।

প্রাপ্ত তালিকা থেকে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে বই ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

এছাড়া গ্রন্থাগারের গবেষণা খাত থেকে সংসদ সদস্যদের জন্য সুবিধাজনক সময়ে কর্মশালা আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে তারা গবেষণামূলক কার্যক্রমে আরও সম্পৃক্ত হতে পারেন।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।