বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৮:০২

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের উদ্যোগ

ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিরোধী দল থেকে পাঁচজন সদস্যের নাম চেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সংসদে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে সংসদীয় কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী এই বিশেষ কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১২ সদস্যের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রস্তাবিত ১২ সদস্যের মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য রয়েছেন এবং বাকি পাঁচজন গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে রাখা হয়েছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব প্রায় ২৬ শতাংশ হওয়ায় সেই অনুপাতে বিশেষ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য তাদের কাছ থেকে পাঁচটি নাম প্রত্যাশা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনের কার্যক্রম দ্রুত শুরু করতে সরকার আগ্রহী। বিরোধী দল দ্রুত নাম দিলে আগামীকালই কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করা সম্ভব হবে।

এ বিষয়ে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কিছু মৌলিক মতপার্থক্য রয়েছে। তবে অভ্যন্তরীণ আলোচনা শেষে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন।

পরে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে অপেক্ষা করতে সরকারের কোনো আপত্তি নেই। তিনি বলেন, 'জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের পথে এগোতে হলে প্রয়োজন হলে আমরা পরবর্তী অধিবেশন পর্যন্তও অপেক্ষা করতে প্রস্তুত।'