শিরোনাম

সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও কমিশনার/সদস্য পদে সর্বোচ্চ বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে আজ দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।
বিল দুটি পাস হলে এই সংস্থাÑবিএসইসি ও আইডিআরএ-তে যে কোনো বয়সের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে পৃথকভাবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন।
পরে বিল দুটি জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়, যা আগামীকাল বুধবার এর মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেবে।
বর্তমান আইনে, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তাকে বিএসইসি-এর চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হিসেবে গণ্য করা হয় বা তিনি পদে বহাল থাকতে পারেন না। উত্থাপিত বিলে এই বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, আইডিআরএ আইনে বলা আছে, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। সংসদে উত্থাপিত বিলটিতে এই বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে।
দুটি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইনগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন।