শিরোনাম

সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান সংসদীয় পরিবেশকে আরও শক্তিশালী ও কার্যকর গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লব ও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে আত্মত্যাগের কারণে আজকের সংসদীয় গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, উন্মুক্ত আকাশের নিচে শপথ গ্রহণের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, যা বিশ্বে নজিরবিহীন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজকের রাজনৈতিক অগ্রযাত্রা সম্ভব হয়েছে।
ফারুক তার বক্তব্যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিভিন্ন সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
তিনি বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় অধিকার রক্ষায় জনগণের আন্দোলনই মূল শক্তি হিসেবে কাজ করেছে।
তিনি রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে অতীত বিভাজন ভুলে ভবিষ্যৎ নির্মাণে একসাথে কাজ করা জরুরি। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।