বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ২০:৪৭
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২১:০৩

থানায় মামলা-জিডি করতে হয়রানি রোধে সরকারের পদক্ষেপ বাস্তবায়নাধীন : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আজ সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য শাহজাহান চৌধুরীর টেবিল উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফৌজদারি বিচারপ্রার্থী নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে থানায় অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ সৃষ্টি করা সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গণ পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে থানার কার্যক্রম আরও স্বচ্ছভাবে মনিটরিং করা যায়।

বর্তমানে দেশের সব থানায় অনলাইনে সাধারণ ডায়েরির (জিডি) আবেদন গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম চালু রয়েছে। এর ফলে নাগরিকরা থানায় না গিয়েই সহজে ও হয়রানিমুক্তভাবে জিডি করতে পারছেন।

অনলাইন সিস্টেমে কোনো অভিযোগ ধর্তব্য অপরাধ হিসেবে চিহ্নিত হলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে জানানো হয় এবং প্রয়োজনীয় তথ্যসহ থানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। পরবর্তীতে এর ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা সম্ভব হয়।

এছাড়া, বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে, যাতে নাগরিকরা দ্রুত ও সহজে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারেন।