বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ২০:৩৮
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২১:৪৯

নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সহায়তা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিখোঁজ (গুম) ব্যক্তিদের পরিবার ও ভুক্তভোগীদের আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

তিনি আজ সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য শাহজাহান চৌধুরীর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা বা কোনো সরকারি সংস্থার সদস্যদের সম্পৃক্ততায় জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুমের অভিযোগ তদন্তে সরকার কাজ করছে।

তিনি জানান, এ ধরনের ঘটনার অনুসন্ধান, জড়িতদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়।

মন্ত্রী আরও বলেন, কমিশন বলপূর্বক গুমের ঘটনা, দায়ী ব্যক্তি ও সংস্থা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন তৈরি করে গত ৪ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয়। কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি শেষ হয়।

তিনি জানান, ওই তদন্ত প্রতিবেদন বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, নিখোঁজ ব্যক্তি ও তাদের পরিবারগুলোকে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা সরকার অব্যাহতভাবে প্রদান করছে।