শিরোনাম

সংসদ ভবন, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): বেকার যুব ও যুবনারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চলমান কর্মসূচির পাশাপাশি আরও ৬টি নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি আজ সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, নতুন এই প্রকল্পগুলোর মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিকল্পিত ৬টি নতুন প্রকল্প হলো যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প (২য় পর্যায়), কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প (২য় পর্ব), শারীরিক ও মানসিকভাবে অক্ষম নাগরিকদের সেবা প্রদানের জন্য কেয়ারগিভার তৈরি প্রকল্প, দেশের সকল মহানগরীতে কর্মহীন যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প, মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এবং কেয়ারগিভিং ও বিদেশি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প।
প্রতিমন্ত্রী আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে।