বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৮:১৬

ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কোলাজ: বাসস

সংসদ ভবন, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় সংসদে জানিয়েছেন, সরকার দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশে সমন্বিত নানা পদক্ষেপ গ্রহণ করেছে। 

তিনি আজ সংসদে নোয়াখালী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এ.এম. মাহবুব উদ্দিনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী অতীতে ক্রীড়া অঙ্গনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং একটি টেকসই ক্রীড়া ব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ক্রীড়াকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক ক্রীড়া কার্যক্রম চালু করা এবং 'নতুন কুঁড়ি' ক্রীড়া কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী মেধাবী খেলোয়াড়দের বৃত্তি প্রদান।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ৬৪ জেলায় ইনডোর সুবিধাসহ ক্রীড়া গ্রাম নির্মাণ এবং ৪৫০ উপজেলায় মানসম্মত ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা এবং অবৈধ দখল থেকে বিদ্যমান মাঠগুলো মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই সহজে ক্রীড়া সুবিধা পায়। 'বিশেষভাবে সুবিধাবঞ্চিত ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া কার্যক্রমে অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।' 

তিনি আরও বলেন, দেশে ক্রীড়া সরঞ্জাম শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশ জোরদার করতে প্রতিটি বিভাগীয় শহরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 'কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে অস্থায়ী কমিটি গঠন এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।