বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২১:৪৯

আগামীতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা হবে অনুকরণীয়: প্রতিমন্ত্রী

কোলাজ। বাসস

সংসদ ভবন, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা হবে অনুকরণীয়। বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সরকার সেই ব্যবস্থা করবে।

তিনি বলেন, 'প্রাথমিক শিক্ষার জন্য 'লার্নিং উইথ প্লে' বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের চার থেকে ১০ বছর বয়সের শিশুরা যেন খেলতে খেলতে গল্প বলা, গল্প শোনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা যেন ক্লাসরুমে আসে, এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি।'

আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, 'প্রাথমিক শিক্ষায় আমরা একটা ভিশনের মধ্যে এসেছি। যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে ক্যারিয়ার অরিয়েন্টেশন অ্যান্ড স্কিল অরিয়েন্টেশন থাকবে। যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এদিক ওদিক, এই দরজা ওই দরজায় না ঘুরে। তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে। সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক।'

তিনি বলেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে ভালো খাবার পরিবেশন করা, তাদেরকে ফ্রি ইউনিফর্ম দেওয়া, বছরে একবার জুতো দেওয়া, ব্যাগ দেওয়াসহ তারা যেন স্কুলে আসে তার সবকিছু এই সরকার ব্যবস্থা করবে।