বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২০:০৯

পাটের উৎপাদন বৃদ্ধি করতে বহুমাত্রিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: পাটমন্ত্রী

কোলাজ। বাসস

সংসদ ভবন, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, দেশে পাটের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির আলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমন্বিত ও বহুমাত্রিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, এ পরিকল্পনায় উচ্চ ফলনশীল ও উন্নত মানসম্পন্ন পাট ও পাটবীজের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।

আজ সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আবদুল মুক্তাদীর জানান, ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং বিতরণ’ শীর্ষক একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এই সমীক্ষা সম্পন্ন হওয়ার পর আগামী নভেম্বর, ২০২৬ হতে মূল প্রকল্পের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজের প্রাপ্যতা নিশ্চিতকরণ, উৎপাদন ব্যয় হ্রাস এবং পাটের গুণগত মান উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা সরাসরি কৃষকের আয় বৃদ্ধি এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে পাট অধিদপ্তর কর্তৃক ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা জুন ২০২৬-এ সমাপ্ত হওয়ার জন্য নির্ধারিত। চলমান প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জনসমূহ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে আরো সমন্বিত, যুগোপযোগী ও ফলপ্রসূ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই সম্ভাব্যতা যাচাই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, সামগ্রিকভাবে উল্লিখিত উদ্যোগসমূহ বাস্তবায়নের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, বাজারব্যবস্থা শক্তিশালীকরণ এবং কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি পাটখাতকে একটি টেকসই, প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী খাতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।