বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:১২

নারীদের উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে

ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের নারীদের উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আজ সংসদে চট্টগ্রাম-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জানান, দেশ ব্যাপী কার্যক্রমসমূহ হল: ভালনারেবল উইমেন বেনিফিট (ডিডব্লিউবি) কার্যক্রম। মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম। স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদান বিতরণ। দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল। জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (ডব্লিউটিসি)। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। কর্মজীবী মহিলা হোস্টেল। শিশু দিবাযত্ন কেন্দ্র।

তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)।