বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৩০

২০৪০ সালের মধ্যে ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ছবি : বাসস

সংসদ ভবন, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেন এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।

তিনি আজ সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলমান কোনো প্রকল্পই ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নেই।

তিনি বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বর্তমানে ফাস্টট্র্যাক প্রকল্পগুলো হলো- এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট, এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট।

সড়ক মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সারা দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২,৭৩৬.৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪-লেন মহাসড়ক ৮৮৩.৬১ কিলোমিটার, ৬-লেন মহাসড়ক ১০,৪৮৮ কিলোমিটার এবং ৮-লেন মহাসড়কের ১৭.৩৪৭ কিলোমিটার।