বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১৮

শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

সংসদ ভবন, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, অতীতের এক সময়ের অস্থিরতার পর দেশের শিক্ষা খাতে শৃঙ্খলা, স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার একাধিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আজ সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে বলেন, সাম্প্রতিক অতীতে অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, নিয়মিত ক্লাস ও পরীক্ষা পুনরায় চালু করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, 'এই পরিকল্পনার আওতায় প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ—যেমন ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’, ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং উন্নত শিক্ষক প্রশিক্ষণ—বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শিক্ষা আধুনিক ও আরও কার্যকর হয়।'

পাঠ্যক্রম ও মূল্যায়ন ব্যবস্থার সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে তৃতীয় ভাষা শিক্ষা চালু, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং নৈতিক শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে চালু করা, যাতে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে।

সামাজিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, প্রামাণ্যচিত্র এবং কুইজ ভিত্তিক পুরস্কার কর্মসূচি চালু করা হচ্ছে বলেও জানান তিনি। এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অবক্ষয় রোধ করে ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিসিএস শিক্ষা একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষা প্রশাসনে দক্ষতা ও গতিশীলতা বাড়াবে।

তিনি বলেন, এ ছাড়া ‘নেক্সটজেন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, রিয়েল-টাইম লার্নিং মনিটরিং, সমন্বিত মূল্যায়ন ব্যবস্থা, উপস্থিতি ট্র্যাকিং এবং শিক্ষক পারফরম্যান্স মূল্যায়নসহ আধুনিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। 'প্রকল্প প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।' 

শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে স্থিতিশীলতা ফিরবে এবং একটি শৃঙ্খলাপূর্ণ, আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।