বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৭:০৮

শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী

কোলাজ। বাসস

সংসদ ভবন, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাল ও ভুয়া সনদের অভিযোগে কলেজ পর্যায়ের মোট ২০২ জন প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে এমপিওভুক্ত ৭৪ জন শিক্ষকের বেতন-ভাতা জুলাই ২০২৩ হতে স্থগিত করা হয়েছে এবং এমপিওবিহীন অবশিষ্ট ১২৮ জন প্রভাষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট গভর্নিং বডি কর্তৃক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আজ সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের শিক্ষা খাতে অনিয়ম সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নিয়মিতভাবে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন সময়ে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষার মাধ্যমে জাল ও ভুয়া সনদে শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ধরনের অনিয়মের বিষয় উদঘাটিত হয়েছে।

এসব অনিয়মের বিরদ্ধে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া, এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে মন্ত্রী জানান।