শিরোনাম

সংসদ ভবন, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৩৪ জেলায় এখন পর্যন্ত ৩৭টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমান (কক্সবাজার-৩)-এর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে উল্লিখিত ৩৪ জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা, বগুড়া, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, হবিগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা, চাঁদপুর ও সুনামগঞ্জ।
সাখাওয়াত আরও জানান, এখনও ৩০টি জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। এসব জেলা হলো- নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর।
তবে মন্ত্রী উল্লেখ করেন, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর ও লক্ষ্মীপুর এই আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে।
তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার দেশব্যাপী স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং সম্প্রসারণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।